বাংলার লোকসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী কাঙালিনী সুফিয়া বর্তমানে চরম আর্থিক সংকট ও শারীরিক অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছেন। সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে তার একটি হাত ভেঙে যায়। তবে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় ভাঙা হাত নিয়েই শয্যাশায়ী অবস্থায় রয়েছেন তিনি। বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে সরকারিভাবে পাওয়া নিজ বাড়িতে বসবাস করছেন এই গুণী শিল্পী। বয়সজনিত নানা জটিলতার পাশাপাশি হার্ট ও কিডনির সমস্যায়ও ভুগছেন তিনি। পরিবারের দাবি, অর্থ সংকটের কারণে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া সম্ভব হয়নি। কাঙালিনী সুফিয়া জানান, একসময় বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে জীবিকা নির্বাহ করলেও এখন বয়স ও অসুস্থতার কারণে সেই সুযোগ নেই। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে দিন কাটছে। শিল্পীর মেয়ে পুষ্প জানান, তিনি
আরও পড়ুন: মিলা-পান্থ কানাইকে নিয়ে ফুয়াদের ‘কান্ডারি চল’
কাজের প্রয়োজনে ঢাকায় থাকার সময় দুর্ঘটনার শিকার হন তার মা। পরে বিভিন্ন স্থানে সহযোগিতা চাইলেও তেমন সাড়া পাননি। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে চিকিৎসা ও বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ৭ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে এই অর্থ দিয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসা চালানো সম্ভব নয় বলেও জানান তিনি। দীর্ঘ সংগীতজীবনে লোকগানকে দেশ-বিদেশে পরিচিত করে তুলেছেন কাঙালিনী সুফিয়া। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে চিকিৎসার অভাব ও অর্থকষ্টে তার মানবেতর জীবনযাপন সংস্কৃতিপ্রেমীদেরও ব্যথিত করেছে। সংস্কৃতিমনা মানুষ ও ভক্তদের অনেকেই মনে করছেন, দেশের লোকসংগীতকে সমৃদ্ধ করা এই শিল্পীর চিকিৎসা ও জীবনযাপনের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সরকার, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাদের মতে, এমন একজন কিংবদন্তি শিল্পীর চিকিৎসার অভাবে কষ্ট পাওয়া দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্যও অত্যন্ত বেদনাদায়ক।

