মিলা-পান্থ কানাইকে নিয়ে ফুয়াদের ‘কান্ডারি চল’

জিটি ডেস্ক

প্রকাশ:

‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’-এর নতুন গান ‘কান্ডারি চল’
‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’-এর নতুন গান ‘কান্ডারি চল’|ছবি: সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের জন্য ‘চার ছক্কা হইহই’ উপহার দিয়ে একসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির। এবার ফুটবল বিশ্বকাপের আবেগ, উচ্ছ্বাস ও উৎসবকে কেন্দ্র করে নিয়ে এলেন নতুন গান ‘কান্ডারি চল’। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব উপলক্ষে প্রকাশ করা হয়েছে গানটি। বিশ্বকাপের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করে তুলতেই নির্মিত হয়েছে এই বিশেষ সংগীত আয়োজন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী পান্থ কানাই, মিলা, বাম্মি সানজানা এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং। বিশেষ অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন নাইজেরিয়ার সংগীতশিল্পী ওলি বয়, যার উপস্থিতি গানটিতে আন্তর্জাতিক মাত্রা যোগ করেছে। ‘কান্ডারি চল’-এর গীতিকথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মারশেদ (শিহাব), ওলি বয় এবং ব্ল্যাক জ্যাং। সংগীতায়োজন ও পুরো প্রকল্পের নেতৃত্বে রয়েছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মিরাজ হাসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘বে (Bay)’ তাদের

আরও পড়ুন: আবেগঘন বার্তায় স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ পূর্ণিমার

অ্যাথলেটিক ব্র্যান্ড ‘স্ট্রাইকার’-কে কেন্দ্র করে গানটি প্রকাশ করেছে। আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে লাল তীর, জিপ বাংলাদেশ এবং ভল্ট স্টুডিওস। গানটি নিয়ে পান্থ কানাই বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। বিশ্বকাপ এলেই শহর থেকে গ্রাম—সবখানেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সেই উচ্ছ্বাসকেই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।” অন্যদিকে মিলা বলেন, “বিশ্বকাপ উপলক্ষে এমন প্রাণবন্ত একটি গানের অংশ হতে পেরে ভালো লাগছে। ফুয়াদের সংগীতায়োজন সবসময়ই নতুনত্ব নিয়ে আসে। বিভিন্ন ঘরানার শিল্পীদের অংশগ্রহণ গানটিকে আরও বৈচিত্র্যময় করেছে।” বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের যে উন্মাদনা, পাড়ার মাঠ থেকে ছাদের আড্ডা কিংবা প্রিয় দলের পতাকায় রঙিন হয়ে ওঠা অলিগলি—সেই চিরচেনা আবেগ ও উৎসবের প্রতিচ্ছবি তুলে ধরেছে ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’-এর নতুন গান ‘কান্ডারি চল’।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিশ্বকাপের এই সময়ে গানটি ফুটবলপ্রেমীদের আবেগের সঙ্গে নতুন করে সুর মেলাবে এবং উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!