দেশের বিভিন্ন এলাকায় একের পর এক সিনেমা হল বন্ধ হওয়ার তালিকায় এবার যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাভলী সিনেমা হল। দীর্ঘদিন লোকসানে থাকা হলটি শুক্রবার (২ অক্টোবর) ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন এর বর্তমান মালিক ও চলচ্চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন লিটন।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কাঁচপুর কাঁচাবাজার ও লাভলী বাসস্ট্যান্ডের কাছাকাছি সোনাপুর এলাকায় অবস্থিত এই হলটি একসময় স্থানীয় দর্শকদের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল। এমনকি হলটির নাম থেকেই এলাকার পরিচিতি তৈরি হয়েছিল। তবে দীর্ঘদিন নিয়মিত সিনেমা প্রদর্শন না হওয়ায় হলটির কার্যক্রম অনিয়মিত হয়ে পড়ে। এতে লোকসান বাড়তে থাকায় একপর্যায়ে প্রায় বন্ধই হয়ে যায় হলটি।
আরও পড়ুন: এক ফ্রেমে ফজর-বহর-নহর, ফিরল ‘হাড় কিপ্টে’র স্মৃতি
শাহাদাৎ হোসেন লিটন বলেন, “বর্তমানে সিনেমা হলের ব্যবসা নেই বললেই চলে। তাই পুরোনো হলটি ভেঙে সেখানে একটি কমার্শিয়াল ভবন নির্মাণের পরিকল্পনা করছি। ভবিষ্যতে সেই ভবনে ‘লাভলী’ নামেই একটি সিনেপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে।” জানা গেছে, পুরোনো ভবনটি ভেঙে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। পরে সেখানে আধুনিক সিনেপ্লেক্স চালুর পরিকল্পনা রয়েছে মালিকপক্ষের।
কাঁচপুর এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই তিনি জায়গাটিতে লাভলী সিনেমা হল দেখে আসছেন। হলটি ভেঙে ফেলার খবরে পুরোনো দিনের স্মৃতি মনে পড়ছে বলেও জানান তিনি। নতুন ভবনে সিনেপ্লেক্স হলে জায়গাটি আবারও স্থানীয় মানুষের বিনোদনের কেন্দ্র হয়ে উঠতে পারে বলে আশা তাঁর।

