ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার অবস্থান জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তাঁর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকার প্রতি অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি।
সোমবার (৭ সেপ্টেম্বর) অনির্বাণ দাসগুপ্তের নামে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মাস আগে উচ্চপর্যায়ের একটি ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ওই সফরে প্রতিনিধিদলটি শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থান তুলে ধরে।
আরও পড়ুন: ঢাকা উত্তর-দক্ষিণে প্রার্থী পরিবর্তনের পথে এনসিপি
প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা ঢাকাকে জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের ‘অসম্মানজনক আচরণ’ করা উচিত নয়। তিনি আটক হলে তাঁর নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধও জানানো হয়েছে।
এ ছাড়া প্রতিনিধিদলটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনকে জানিয়েছে, ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। আনন্দবাজারের দাবি, শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহী এবং ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা তিনি একাধিকবার জানিয়েছেন।
তবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামী লীগ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগে পিএসসির সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী
আনন্দবাজারের প্রতিবেদনে বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার প্রায় ছয়জন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়েও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ওই ব্যক্তিদের মধ্যে চারজন আগে কাশ্মীরে সক্রিয় ছিলেন।
প্রতিবেদনটিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন, তাঁকে ঘিরে ভারতের অবস্থান এবং বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তবে আনন্দবাজারের প্রতিবেদনে উল্লিখিত এসব তথ্যের বিষয়ে বাংলাদেশ বা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

