ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। এবার তিনি মেয়েদের উদ্দেশে একটি সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে অনেক বিবাহিত পুরুষ নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন। তাই এমন ব্যক্তিদের সঙ্গে প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব করতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় প্রভা বলেন, ‘মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি— যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়বে না।’ তিনি আরও বলেন, অনেকেই একই ধরনের গল্প বলেন— ‘বউ ভালো না’, ‘সন্তানের জন্য সংসার টিকিয়ে রেখেছি’, ‘সমাজের কারণে আলাদা হতে পারছি না’— এসব কথায় বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তার ভাষায়,
আরও পড়ুন: নিয়মিত অভিনয়ে নয়, নিজের বায়োপিকেই ফিরতে চান পপি
‘এদের স্ক্রিপ্ট প্রায় একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে জড়িয়ে পড়লে সারাজীবন নিজেকেই কষ্ট পেতে হবে।’ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রভা। তিনি জানান, কিছুদিন আগেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তখন তিনি ওই ব্যক্তিকে স্পষ্ট জানিয়ে দেন, ‘আপনার যদি সংসারে এত সমস্যা থাকে, তাহলে আগে ডিভোর্সের পুরো প্রক্রিয়া শেষ করুন। এরপর দেখা যাবে আমরা একে অপরের জন্য উপযুক্ত কি না।’ প্রভা বলেন, তার এমন অবস্থানের কারণে ওই ব্যক্তি এখন তাকে ‘সাইকো’ বলে সমালোচনা করেন। তবে এ বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, ‘আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ভিডিওবার্তা ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রভার বক্তব্যকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন।

