অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। স্বামী নেহাল তাহেরের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে—এমন দাবি ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত এর সত্যতা নিশ্চিত হয়নি। এ বিষয়ে সাবিলা বা নেহালের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০১৯ সালে নেহাল তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। বিয়ের আগে তাঁদের মধ্যে বন্ধুত্ব ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে তাঁদের সম্পর্কের অবস্থা নিয়ে নানা দাবি করা হয়। এর মধ্যে মিলি সুলতানা নামের এক সামাজিকমাধ্যম ব্যবহারকারীর পোস্ট ঘিরে আলোচনা আরও ছড়ায়। ওই পোস্টগুলোতে সাবিলার ব্যক্তিগত সম্পর্ক ও তাঁর সহশিল্পীদের নিয়ে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে।
আরও পড়ুন: শাকিবের ‘মহব্বত’ দিয়ে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক রাকিবের
তবে এসব দাবির পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ প্রকাশ্যে আসেনি। ফলে সেগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই। পোস্টগুলো ছড়িয়ে পড়ার পর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে।
কোথাও কোথাও সাবিলা ও তাঁর স্বামী আলাদা থাকছেন বলেও দাবি করা হয়েছে। তবে তাঁদের দাম্পত্য সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সাবিলা নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

