বক্স অফিসে ইতিহাস, বিলিয়ন ডলার ছুঁল ‘মাইকেল’

জিটি ডেস্ক

প্রকাশ:

‘মাইকেল’ সর্বকালের সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিকের স্বীকৃতি পেয়েছে
‘মাইকেল’ সর্বকালের সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিকের স্বীকৃতি পেয়েছে|ছবি: সংগৃহীত

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্ব বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। বৈশ্বিক টিকিট বিক্রি থেকে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করে এটি ইতিহাসের প্রথম বায়োপিক হিসেবে এ মাইলফলক স্পর্শ করেছে।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, উত্তর আমেরিকায় ছবিটির আয় ৩৭১ দশমিক ৮ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৬২৯ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১ দশমিক ০০১ বিলিয়ন ডলারে।

আরও পড়ুন: যে নায়ককে কেউ বিশ্বাস করেনি, সেই দিলদারই লিখেছিলেন ইতিহাস

মুক্তির আগেই চিত্রনাট্যের কিছু অংশ পুনর্নির্মাণ এবং বিতর্কিত কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার কারণে আলোচনায় ছিল ‘মাইকেল’। তবে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও দর্শকদের ব্যাপক সাড়ায় মুক্তির পর থেকেই ছবিটি একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে। প্রথম সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৭০ লাখ এবং বিশ্বব্যাপী ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে এটি। এর মাধ্যমে ২০১৫ সালের ‘স্ট্রেইট আউটা কম্পটন’-এর উদ্বোধনী আয়ের রেকর্ডও ভেঙে দেয়।

এই সাফল্যের মধ্য দিয়ে ‘মাইকেল’ সর্বকালের সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিকের স্বীকৃতি পেয়েছে। এর আগে ২০১৮ সালের ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ ৯১১ মিলিয়ন ডলার আয় করে শীর্ষে ছিল।

আরওও পড়ুন: বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জয়া আহসানের

অঁতোয়ান ফুকোয়া পরিচালিত ছবিটি নির্মাণ করেছে লায়ন্সগেট। এতে মাইকেল জ্যাকসনের শৈশব, ‘জ্যাকসন ফাইভ’-এর সদস্য হিসেবে তার উত্থান এবং পরবর্তীতে ‘কিং অব পপ’ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মাইকেলের ভাতিজা জাফর জ্যাকসন। এছাড়া রয়েছেন কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং।

ছবিটির সাফল্যের পর মাইকেল জ্যাকসনের জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে আরও একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে লায়ন্সগেট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন বলেন, বিশ্বজুড়ে দর্শকদের ভালোবাসাই প্রমাণ করে, মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা আজও অটুট।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!