একসময় নিয়মিত প্রেক্ষাগৃহে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে বড় পর্দায় তুলনামূলক কম দেখা গেছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। তবে অভিনয় থেকে দূরে নেই তিনি। বরং মুক্তির অপেক্ষায় থাকা তিনটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’ সিনেমার শুটিং শেষ করেছেন ববি। লন্ডনে দৃশ্যধারণ করা ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এতে ববির সঙ্গে অভিনয় করেছেন আমান রেজা ও আজাদ খান। সিনেমাটি নিয়ে আশাবাদী ববি। তাঁর মতে, গল্প ও চরিত্র দুটিই তাঁর পছন্দ হয়েছে এবং দীর্ঘ বিরতির পর দর্শক তাঁকে নতুনভাবে দেখতে পাবেন। এর পাশাপাশি এ কে নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমায় কাজ করছেন ববি।
আরও পড়ুন: নব্বইয়ের গানের সেই কণ্ঠ, আজ কনকচাঁপার জন্মদিন
সম্প্রতি ঢাকায় ছবিটির একটি গানের দৃশ্যের শুটিংয়ে অংশ নেন তিনি। সিনেমাটির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে ববির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব। অন্যদিকে অনিক বিশ্বাস পরিচালিত ‘ইব্রাহীম’ সিনেমাতেও অভিনয় করছেন এই চিত্রনায়িকা। এতে তাঁর সহশিল্পী নিরব হোসেন। নতুন তিন সিনেমা নিয়ে ববি বলেন, তিনটি সিনেমার গল্প ও চরিত্রই ভিন্ন।
দর্শকদের প্রত্যাশা অনুযায়ী নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন বলেও জানান তিনি। গত মে মাসে বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমায় সর্বশেষ প্রেক্ষাগৃহে দেখা যায় ববিকে। তবে ছবিটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত আছেন ইয়ামিন হক ববি। সামনে নতুন সিনেমা প্রযোজনার পরিকল্পনাও রয়েছে তাঁর।

