এক-পা দু-পা করে সুরের ভুবনে দুই দশক পার করেছেন সংগীতশিল্পী সালমা। ২০০৬ সালে রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর শিরোপা জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছিল তাঁর পথচলা। এরপর অ্যালবাম, একক ও দ্বৈত গান, প্লেব্যাক এবং দেশ-বিদেশের মঞ্চ—বিভিন্ন মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। দুই দশক পরও নিজেকে একই জায়গায় আটকে রাখতে চান না সালমা। তাঁর বিশ্বাস, সময়ের সঙ্গে শ্রোতার রুচি ও প্রত্যাশা বদলায়। তাই নিজের গায়কির স্বাতন্ত্র্য ধরে রেখেই নতুন কিছু করার চেষ্টা করেন তিনি।
আরও পড়ুন: ‘জুলাই যোদ্ধা’ ট্যাগ নিতে চান না আরশ খান
সম্প্রতি প্রকাশিত ‘প্রেম লীলা’ গানেও নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছেন এই শিল্পী। এর আগে ‘এমন ভালোবাসা চাই না’, ‘দিল দিওয়ানা’, ‘ওরে আমার জান’, ‘ভাবের কথা’, ‘দেখলে তারে মন’, ‘সানাই’, ‘একমাত্র ঠিকানা’, ‘মানুষ ক্যান বেইমান’ ও ‘পিরিতের ঘর’ সহ বেশ কিছু গানে ভিন্ন আয়োজনের চেষ্টা করেছেন সালমা। পেছনের দুই দশকের পথচলা নিয়ে সালমা বলেন, ‘বিশ্বাস হয় না এতটা সময় কীভাবে পেছনে ফেলে এলাম। সবকিছু এখনো চলচ্চিত্রের মতো মনে হয়।’ ‘ক্লোজআপ ওয়ান’-এর সাফল্যের পর থেকেই গানকে পেশা হিসেবে বেছে নেওয়া এবং ব্যস্ততার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
আরও পড়ুন: জন্মদিনে স্মরণ কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে
শিল্পীজীবনের প্রাপ্তি নিয়ে সালমার দৃষ্টিভঙ্গিও স্পষ্ট। তাঁর কাছে গানের আয় নয়, শ্রোতার প্রত্যাশা পূরণই বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রয়্যালটি ব্যবস্থার সীমাবদ্ধতা এবং স্টেজনির্ভর শিল্পীদের বাস্তবতাও তুলে ধরেছেন তিনি। নতুনদের সঙ্গে কাজ করার বিষয়ে সালমা বলেন, ‘আমিও একসময় নতুন ছিলাম। গুণী শিল্পীরা সুযোগ দিয়েছেন বলেই আজ এখানে। তাই নতুনদেরও সুযোগ দিতে চাই।’ তাঁর সঙ্গে দ্বৈত গান করা বেশ কয়েকজন তরুণ শিল্পী পরবর্তীতে নিজেদের জায়গা তৈরি করেছেন বলেও জানান তিনি।
দুই দশকের সংগীতজীবনে সালমার পথচলার অন্যতম বৈশিষ্ট্য তাই নিজেকে সময়ের সঙ্গে বদলে নেওয়া। জনপ্রিয়তার দৌড়ে নয়, নতুন গান ও নতুন প্রজন্মের সঙ্গে কাজের মধ্য দিয়েই সংগীতে নিজের যাত্রা অব্যাহত রাখতে চান এই শিল্পী।

