জমকালো আয়োজন নয়, দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে পাশে নিয়েই জন্মদিনের প্রথম প্রহর উদযাপন করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। শনিবার (২৪ অক্টোবর) তাঁর জন্মদিন। শুক্রবার দিবাগত রাতে ঘরোয়া আয়োজনে কেক কেটে বিশেষ দিনটির সূচনা করেন অভিনেত্রী।
নিজের ফেসবুক পেজে জন্মদিন উদযাপনের একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি। লাল গাউনে হাসিমুখে কেক কাটার সময় পাশে ছিল তাঁর দুই সন্তান। মায়ের প্রতি তাদের আদর ও ভালোবাসায় মুহূর্তটি হয়ে ওঠে আরও আবেগঘন। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি।
আরও পড়ুন: আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় তদন্তে পুলিশ
পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এর আগে বিভিন্ন সময়ে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেছেন এই অভিনেত্রী। তবে এবারের উদযাপনে প্রাধান্য পেয়েছে পারিবারিক আবহ।
নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পরীমনির জীবনে সন্তানদের গুরুত্ব যে কতটা, জন্মদিনের ভিডিওতে যেন তারই প্রতিফলন দেখা গেছে। পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করা পরীমনি এবার বিশেষ দিনটির আনন্দ ভাগ করে নিলেন সন্তানদের সঙ্গে কাটানো একান্ত কিছু মুহূর্তে।

