এআই প্রযুক্তির অপব্যবহারে ক্ষোভ প্রকাশ কনকচাঁপার

জিটি ডেস্ক

প্রকাশ:

এমন চললে ফেসবুক ছেড়ে চলে যাব’—হুঁশিয়ারি কনকচাঁপার
এমন চললে ফেসবুক ছেড়ে চলে যাব’—হুঁশিয়ারি কনকচাঁপার|ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবি ও ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ফেসবুক ছেড়ে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে কনকচাঁপা জানান, অনেকেই এআই ব্যবহার করে তার ছবি ও ভিডিও তৈরি করছেন। কেউ ব্যক্তিগত আগ্রহে, আবার কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে এসব কনটেন্ট প্রকাশ করছেন, যা তাকে বিব্রত করছে।

তিনি লেখেন, “আমার নিজের ইচ্ছা হলে আমি নিজে বানাব, সেটা আমার একান্ত ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। কিন্তু আগ বাড়িয়ে আপনারা কেন? বাস্তব আমাকে আর ভালো লাগছে না?” কনকচাঁপার মতে, এআই প্রযুক্তি যত উন্নতই হোক, এটি কখনো একজন মানুষের প্রকৃত সত্তা বা অভিব্যক্তি তুলে ধরতে পারে না।

তার ভাষায়, “এআই যতই করুক, কখনও আসল মানুষকে তুলে ধরতে পারে না। ছবিকে ঝকঝকে করে, কিন্তু মানুষের চোখের সেই নিজস্ব দৃষ্টি আর থাকে না।” নিজের চেহারা নিয়ে তিনি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন এই গায়িকা।

আরও পড়ুন: লাইভ-অ্যাকশনে ফিরছে ‘মোয়ানা’, আজ থেকেই স্টার সিনেপ্লেক্সে

তিনি লেখেন, “আমি আমার অবয়ব নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। আল্লাহর চেয়ে বড় আর্টিস্ট আর কে আছেন!” এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারকে সমর্থন করলেও ব্যক্তিগত ছবি বিকৃত করার প্রবণতার সমালোচনা করেন কনকচাঁপা। তার মতে, প্রযুক্তিটি নানা সৃজনশীল ও গবেষণামূলক কাজে ব্যবহারের সুযোগ থাকলেও বাংলাদেশে অনেকেই এটি শুধু ছবি সম্পাদনার মধ্যেই সীমাবদ্ধ রাখছেন।

এ ধরনের কাজ বন্ধ না হলে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার কথাও জানান তিনি। কনকচাঁপা লেখেন, “এমন চললে ফেসবুক ছেড়ে চলে যাব। তাও দর্পণে নিজের বদলে অন্য কাউকে দেখতে চাই না। বস্তুত এআইকে আমি ভীষণ অপছন্দ করি, তার চেয়েও অপছন্দের এআই ভিডিও।”

পোস্টের শেষাংশে নিজের স্বাভাবিক সৌন্দর্যের প্রতি আস্থার কথা তুলে ধরে তিনি বলেন, জীবনে কখনো পার্লারে গিয়ে নিজেকে বদলানোর চেষ্টা করেননি। তাই এআই দিয়ে বিকৃত বা পরিবর্তিত রূপেও নিজেকে দেখতে চান না। “আমি ‘আমার আমি’কে খুবই ভালোবাসি,”—লেখেন এই কণ্ঠশিল্পী।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!