বিশ্বজুড়ে অ্যানিমেশনপ্রেমীদের কাছে জনপ্রিয় নাম ‘মোয়ানা’। ২০১৬ সালে ডিজনির মিউজিক্যাল অ্যাডভেঞ্চার চলচ্চিত্র হিসেবে মুক্তি পাওয়ার পর দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাফল্য পায় সিনেমাটি। প্রায় ৭০ কোটি ডলার আয় করা ছবিটির সিক্যুয়েল ‘মোয়ানা ২’ ২০২৪ সালে মুক্তি পেয়ে আয় করে এক বিলিয়ন ডলারের বেশি। এবার সেই জনপ্রিয় গল্পই ফিরছে লাইভ-অ্যাকশন রূপে।টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের ‘মোয়ানা’ আন্তর্জাতিকভাবে ১০ জুলাই মুক্তি পাচ্ছে।
একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি প্রদর্শিত হবে। লাইভ-অ্যাকশন সংস্করণের অন্যতম আকর্ষণ মাউই চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা ডোয়াইন জনসন। ২০১৬ সালের অ্যানিমেটেড চলচ্চিত্রেও এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো রক্ত-মাংসের চরিত্র হিসেবে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেতা।
এক সাক্ষাৎকারে ডোয়াইন জনসন বলেন, “লাইভ-অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্য সব কাজ থেকে একদম আলাদা। পর্দায় যখন আমাদের পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ ফুটে ওঠে, তখন অনুভূতিটাই বদলে যায়।”
আরও পড়ুন: লন্ডনে আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব, অংশ নেবেন শফি-ডলি মণ্ডল
তিনি জানান, গত এক দশকে বাবা হিসেবে জীবনের নানা অভিজ্ঞতা চরিত্রটিকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে। পাশাপাশি মাউই চরিত্রের মধ্যে তিনি নিজের দাদার প্রতিচ্ছবি খুঁজে পান। হাওয়াইয়ে কাটানো শৈশবের স্মৃতিও চরিত্রটির সঙ্গে তার আবেগের বন্ধন তৈরি করেছে।
অন্যদিকে, বিশ্বের ৩২ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে মোয়ানা চরিত্রে নির্বাচিত হয়েছেন নবাগত অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়া। সামোয়ান বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই মোয়ানা তার অনুপ্রেরণার একটি চরিত্র। তাই পর্দায় চরিত্রটিকে জীবন্ত করে তুলতে তিনি সহজেই নিজের সঙ্গে এর সংযোগ খুঁজে পেয়েছেন।
পরিচালক টমাস কাইল জানান, প্রথম অডিশনেই ক্যাথরিনের অভিনয় ও ‘হাউ ফার আই'ল গো’ গান পরিবেশন তাকে মুগ্ধ করেছিল। তখনই তিনি নিশ্চিত হন, মোয়ানা চরিত্রের জন্য ক্যাথরিনই উপযুক্ত।
সিনেমার গল্পে সাহসী কিশোরী মোয়ানা নিজের দ্বীপ ও মানুষকে রক্ষার জন্য এক দুঃসাহসিক সমুদ্রযাত্রায় বের হয়। তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধদেবতা মাউই। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার অভিযানে নামে। মূল অ্যানিমেশনের মতোই পরিবার, দায়িত্ববোধ, সাহস এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে লাইভ-অ্যাকশন সংস্করণেও।
ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, অ্যানিমেশনের মতো লাইভ-অ্যাকশন সংস্করণও বিশ্বজুড়ে দর্শকদের হৃদয় জয় করবে।

