বাংলাদেশের কিংবদন্তি হেভি মেটাল ও রক ব্যান্ড ওয়ারফেজ দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করেছে নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’। সোমবার (৬ জুলাই) লয় রেকর্ডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির অডিও ও ভিডিও একযোগে প্রকাশ করা হয়। ২০১২ সালের পর এটিই ওয়ারফেজের নতুন স্টুডিও অ্যালবামের প্রথম প্রকাশিত গান। ব্যান্ডটির আসন্ন অষ্টম স্টুডিও অ্যালবামের সূচনা হিসেবে গানটিকে দেখছেন সংগীতপ্রেমীরা। ‘গিরগিটি’ শুধু একটি সিঙ্গেল ট্র্যাক নয়, এটি আপস্টুডিও প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মাণাধীন একটি চলচ্চিত্রেরও অংশ। চলচ্চিত্রটির প্রযোজক হামিদুল হাসান নবীন এবং পরিচালক সৌরভ কুন্ডু। গানটির কথা লিখেছেন শামস মনসুর গনি ও কে এম ইমরানুল হক রিতুল। সুর করেছেন শামস মনসুর গনি।সংগীতায়োজন ও
আরও পড়ুন: বাংলাদেশের ‘দেলুপি’র সঙ্গে যুক্ত হলেন অনুরাগ কশ্যপ
পরিবেশনায় ছিল ওয়ারফেজের বর্তমান সদস্যরা। গানটির ভিজ্যুয়াল নির্মাণ ও প্রযোজনার দায়িত্ব পালন করেছে আপস্টুডিও প্রোডাকশন হাউজ। নতুন গান প্রকাশ উপলক্ষে সোমবার রাজধানীতে লয় রেকর্ডসের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ব্যান্ডের সদস্য, সংগীতসংশ্লিষ্ট ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা ওয়ারফেজ ইতোমধ্যে বাংলা রক সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। ব্যান্ডটির প্রকাশিত সাতটি স্টুডিও অ্যালবাম হলো— ‘ওয়ারফেজ’, ‘অবাক ভালোবাসা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘আলো’, ‘মহারাজ’ এবং ‘সত্য’। এ ছাড়া লয় রেকর্ডসের ব্যানারে ব্যান্ডটির প্রকাশিত জনপ্রিয় সিঙ্গেলগুলোর মধ্যে রয়েছে ‘মায়া’, ‘আলো ২’, ‘হারিয়ে তোমাকে’, ‘অন্ধ জীবন’ এবং ‘মা’। দীর্ঘ বিরতির পর ‘গিরগিটি’ প্রকাশের মাধ্যমে ওয়ারফেজ আবারও নতুন সৃষ্টির বার্তা দিল। ব্যান্ডটির অষ্টম স্টুডিও অ্যালবাম নিয়ে এখন থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

