শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর জন্য যুক্তরাষ্ট্র থেকে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। তবে শনিবার (২৬ সেপ্টেম্বর) সেই অর্থ পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা গ্রহণ করেননি রিফাত।
জানা গেছে, কয়েক দিন আগে এক সাংবাদিকের মাধ্যমে রিফাতের চিকিৎসার জন্য অর্থ পাঠান জায়েদ। তবে টাকা তাঁর হাতে পৌঁছানোর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে জায়েদের আর্থিক সহায়তার খবর প্রকাশ হয়। বিষয়টি নিয়ে বিরক্ত হন রিফাত। শুক্রবার রাতে রিফাত জানান, জায়েদ তাঁর জন্য কিছু টাকা পাঠিয়েছেন বলে শুনেছেন, তবে সেটি তখনো তাঁকে দেওয়া হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশ মেরামতে সরকারের ‘থ্রি-আর’ কৌশল
এর আগে এক সাক্ষাৎকারে জায়েদ তাঁর চিকিৎসায় সহযোগিতা করেননি বলেও জানিয়েছিলেন রিফাত। পরে জায়েদ টাকা পাঠানোর বিষয়টি জানা যায়। শনিবার সেই টাকা তাঁর কাছে পৌঁছে দিতে গেলে তা গ্রহণ করেননি রিফাত। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে ১৪ সেপ্টেম্বর পা ও কোমরের সমস্যাসহ শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও দুর্বলতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। শুরুতে বেড না পেয়ে কয়েক দিন মেঝেতে চিকিৎসা নিতে হয় তাঁকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে কেবিনে স্থানান্তর করা হয়। আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী।
আরও পড়ুন: চরিত্রের ভেতর নিজেকে খুঁজছেন স্পর্শিয়া
১৯৮৪ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয়। দীর্ঘ সাহিত্যজীবনে ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। অভিনয়েও পরিচিতি রয়েছে তাঁর। ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রের পাশাপাশি ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই কবি ও অভিনেতা।

