দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে দাপটের সঙ্গে পথ চলছেন শাকিব খান। সাফল্যের অসংখ্য গল্পের পাশাপাশি এই দীর্ঘ যাত্রায় রয়েছে নানা অভিজ্ঞতা, ভুল সিদ্ধান্ত ও জীবনের কঠিন অধ্যায়ও। এবার নিজের সেই অতীত নিয়েই কিছুটা খোলামেলা হলেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব জানান, জীবনে অনেক ভুল করেছেন তিনি। পেছনে ফিরে তাকালে কখনো কখনো মনে হয়, কিছু সিদ্ধান্ত না নিলেই হয়তো ভালো হতো।
আরও পড়ুন: ২৯ বছর পরও অমীমাংসিত প্রশ্ন, এবার সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ শাকিবের কথাকে তাঁর সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে ব্যাখ্যা করছেন। তবে অভিনেতা নিজে তাঁদের উদ্দেশ করে কোনো নির্দিষ্ট ইঙ্গিত দেননি। সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে শাকিব বলেন, অপু ও বুবলী দুজনই তাঁর জীবনের একটি অংশ। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চান না তিনি। নিজের ব্যক্তিজীবন নিজের মধ্যেই রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানান।
অতীতকে বদলে ফেলার সুযোগ থাকলে কী করতেন—এমন প্রশ্নেও বাস্তববাদী অবস্থান তুলে ধরেন শাকিব। তাঁর মতে, মানুষের জীবনে ভুল থাকবেই। চাইলেই অতীতের সব ঘটনা মুছে ফেলা যায় না। তাই যা ঘটে গেছে, তা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হয়।
তবে অতীতের চেয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা খবর নিয়ে বেশি বিরক্ত শাকিব। তাঁর দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই তাঁকে ঘিরে খবর ছড়িয়ে পড়ে। এমনকি এমন কিছু ঘটনার সঙ্গেও তাঁর নাম জড়ানো হয়, যার সঙ্গে বাস্তবে তাঁর কোনো সম্পর্কই নেই।
আরও পড়ুন: শেখ হাসিনাকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী
এসব অভিজ্ঞতার কারণেই বর্তমানে নিজেকে অনেকটা অন্তর্মুখী করে নিয়েছেন বলে জানান এই তারকা। শাকিবের কথায় তাই শুধু ব্যক্তিগত জীবনের আক্ষেপ নয়, বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা একজন তারকার আত্মউপলব্ধির ছাপও মিলেছে—সব ভুল শুধরে নেওয়া যায় না, কিছু ভুলকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে হয়।
