জন্মদিনে ভক্তদের জন্য নতুন চমক দিলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। বিশেষ দিনে প্রকাশ পেয়েছে তারেক রহমান পরিচালিত তাঁর নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক পোস্টার। নারীর টিকে থাকার লড়াই নিয়ে নির্মিত ছবিটি ঘিরে ইতোমধ্যে দর্শকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
‘ফারজানা’র গল্পের কেন্দ্রে রয়েছেন এক ক্রাইম রিপোর্টারের স্ত্রী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান তাঁর স্বামী। এরপর একমাত্র সন্তানকে নিয়ে শুরু হয় ওই নারীর কঠিন জীবনসংগ্রাম। সমাজের নানা নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয়ে কীভাবে তিনি নিজের ও সন্তানের জীবন বাঁচানোর পথ খুঁজে নেন, সেই লড়াই নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনি।
আরও পড়ুন: সংসার নিয়ে গুঞ্জন, কাজেই মন ফারুকী-তিশার
পরীমনি জানিয়েছেন, ছবিটি নিয়ে পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগেই। প্রায় ছয় মাস আগে তাঁর চরিত্রের লুক চূড়ান্ত করা হয়। তবে নানা জটিলতা ও শিডিউল সংকটের কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি। নির্মাতা তারেক রহমান এর আগে বেশ কিছু প্রশংসিত নাটক পরিচালনা করেছেন। তবে ‘ফারজানা’ তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
বর্তমানে সিনেমাটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই মুক্তির প্রস্তুতি শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জন্মদিনে প্রকাশিত ফার্স্ট লুকের মধ্য দিয়ে নতুন চরিত্রে পরীমনিকে দেখার অপেক্ষা আরও বাড়ল দর্শকের। এবার বড় পর্দায় এক নারীর কঠিন বাস্তবতা আর বেঁচে থাকার লড়াই কতটা গভীরভাবে তুলে ধরেন তিনি, সেটিই দেখার বিষয়।

