ফারুকী-তিশার সংসার কি ভাঙছে? শোবিজে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনের মধ্যেই নিজেদের অবস্থান জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিচ্ছেদের খবরকে ‘মিথ্যা নিউজ’ উল্লেখ করে বিষয়টি নিয়ে আর কথা বাড়াতে চান না তিনি। বরং নতুন কাজ নিয়েই আলোচনা করতে আগ্রহী এই নির্মাতা।
ফারুকী বলেন, “আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।”
আরও পড়ুন: আসিফের গাড়িতে গুলি, ‘অশনি সংকেত’ দেখছেন ওমর সানী
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মধ্যেও কাজের ব্যস্ততা কমেনি ফারুকীর। গত ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যান তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন। দেশে ফিরে ১৭ অক্টোবর থেকে নতুন বিজ্ঞাপনের কাজে যুক্ত হয়েছেন। বর্তমানে তিনটি বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত রয়েছেন এই নির্মাতা। পাশাপাশি একটি সিনেমার গল্প লেখা শেষ করে নতুন আরেকটি সিনেমার গল্প নিয়ে কাজ করছেন তিনি।
এদিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও যুক্ত হয়েছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক। তিশার নতুন কাজের প্রসঙ্গে ফারুকী জানান, একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে তাঁর স্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। তবে প্রকল্পটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত জানাতে চান না তিনি। সবকিছু ঠিক হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

