কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা সর্বস্তরের মানুষের

জিটি ডেস্ক

প্রকাশ:

শিল্পী-সাহিত্যিকদের শ্রদ্ধায় মুখর শহীদ মিনার, গার্ড অব অনার প্রদান
শিল্পী-সাহিত্যিকদের শ্রদ্ধায় মুখর শহীদ মিনার, গার্ড অব অনার প্রদান|ছবি: সংগৃহীত

বাংলাদেশের চিত্রকলা, টেলিভিশন ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, শিল্পী-সাহিত্যিক, নাট্যব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। শহীদ মিনারে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শারমিন মুরশিদ। এরপর একে একে শ্রদ্ধা জানায় দুরন্ত টেলিভিশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, উদীচী, প্রাচ্যনাট, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, কর্মজীবী নারী, পাঠশালা, বঙ্গরঙ্গ নাট্যদল, আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সংস্কৃতি বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। এ ছাড়া ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খান, ত্রপা মজুমদার,

আরও পড়ুন: অর্ণবের সংগীতায়োজনে ‘মেঘ’, প্রশংসার বদলে সমালোচনার ঝড়

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন, শিল্পী মনিরুল ইসলাম, মনিরুজ্জামান, কেরামত মাওলা, কাজী তামান্না, গোলাম রাব্বানীসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত স্মৃতিচারণ পর্বে বক্তারা মুস্তাফা মনোয়ারের দীর্ঘ কর্মজীবন, শিল্পভাবনা এবং নতুন প্রজন্মের শিল্পী-সংস্কৃতিকর্মী গড়ে তোলায় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, চিত্রশিল্পী আনোয়ার হোসেন ও কেরামত মাওলাসহ অনেকে তাঁর সৃজনশীল কর্মযজ্ঞ এবং সাংস্কৃতিক নেতৃত্বের কথা তুলে ধরেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার জন্য নেওয়া হয়। চারুকলা অনুষদ ও চ্যানেল আই প্রাঙ্গণে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এর আগে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণেও এই গুণী শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মুস্তাফা মনোয়ার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!