অর্ণবের সংগীতায়োজনে ‘মেঘ’, প্রশংসার বদলে সমালোচনার ঝড়

জিটি ডেস্ক

প্রকাশ:

‘মেঘ’ নিয়ে সমালোচনায় কোক স্টুডিও বাংলা, ক্ষুব্ধ শ্রোতারা
‘মেঘ’ নিয়ে সমালোচনায় কোক স্টুডিও বাংলা, ক্ষুব্ধ শ্রোতারা|ছবি: সংগৃহীত

এক মাসের ব্যবধানে প্রকাশ পেল ‘কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’। বর্ষার আবহে নির্মিত গানটি নিয়ে দর্শক-শ্রোতাদের প্রত্যাশা ছিল বেশ বড়। তবে প্রকাশের পর সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেই মনে করছেন অনেকে। বরং ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ‘মেঘ’ গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমি। সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, যিনি কোক স্টুডিও বাংলার মূল সংগীত প্রযোজকও। গানটিতে শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আধুনিক সুরের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করা হয়েছে। পাশাপাশি স্মরণ দত্তের লেখা একটি গানের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘সোনার তরী’ নতুন সুর ও হিপহপধর্মী পরিবেশনায় উপস্থাপন করা হয়েছে। মূলত এই অংশটিই সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে। অনেক শ্রোতার দাবি, ‘সোনার তরী’র মতো একটি কালজয়ী কবিতাকে এভাবে উপস্থাপন করা যথাযথ

আরও পড়ুন: ‘এনগেজড’ স্ট্যাটাসে নতুন আলোচনায় অভিনেত্রী নাজনীন নীহা

হয়নি। ইউটিউবের মন্তব্য ঘরে একজন লিখেছেন, “‘রুম ঝুম’ পর্যন্ত সব গানই ভালো ছিল, কিন্তু এটা জমল না।” আরেকজনের ভাষ্য, “সবকিছু ঠিক ছিল, শুধু ‘সোনার তরী’ অংশটা না থাকলেই ভালো হতো।” কেউ আবার লিখেছেন, “দ্য বেস্ট অখাদ্য এভার।” অনেকে মজা করে মন্তব্য করেছেন, এইচএসসি পরীক্ষার্থীদের জন্যই যেন নতুনভাবে ‘সোনার তরী’ মনে রাখার ব্যবস্থা করা হয়েছে। শুধু সাধারণ শ্রোতারাই নন, সাংস্কৃতিক অঙ্গনের অনেকেও গানটি নিয়ে সমালোচনা করেছেন। কথাসাহিত্যিক আনিসুল হক সামাজিক মাধ্যমে লিখেছেন, “যে কোনো নিরীক্ষা করা শিল্পীর অধিকার, সমালোচনা করা শ্রোতার অধিকার। ‘সোনার তরী’ কবিতার এর চেয়ে খারাপ রূপ আর কিছু হতে পারত না এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন, করুণভাবে ফেল করার জন্য শোক। ১০-এ মাইনাস ১০।” সমালোচনার বিষয়ে জানতে সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব এবং শিল্পী মাশা ইসলাম–এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানাননি। এদিকে গানটির পাশাপাশি ‘কোক স্টুডিও বাংলা’ নাম নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশে প্রকল্পটি সংশ্লিষ্ট দেশের নামেই পরিচালিত হলেও বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ায় প্ল্যাটফর্মটির নাম পরিবর্তনের দাবিও উঠেছে সামাজিক মাধ্যমে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!