মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। শনিবার (১০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের শারীরিক আঘাত পাননি তিনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তিশা।
তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’ তবে দুর্ঘটনাটি কোথায় বা কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি অভিনেত্রী। তাঁর পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কৌতূহল তৈরি হয়।
আরও পড়ুন: লজ্জা’র শুটিংয়ে সাক্ষাৎকার নিয়ে বিতর্ক, মুখ খুললেন ফারিয়া
জানা গেছে, দুর্ঘটনার পর মানিকগঞ্জে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তানজিন তিশা। ফলে পূর্বনির্ধারিত শোরুম উদ্বোধনের অনুষ্ঠানেও তাঁর অংশ নেওয়া হয়নি। নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া তানজিন তিশা দীর্ঘদিন ধরে ছোট পর্দায় কাজ করছেন। বিভিন্ন নাটকে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নানা পোস্টও ভক্তদের আগ্রহের বিষয় হয়ে ওঠে।

