নেপালে আকস্মিক বন্যা ও ভূমিকম্পের মধ্যে নিরাপদে আছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস ও তাঁর নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো টিম। বুধবার (২৬ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন অপু।
তিনি জানান, দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত, স্বজন, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা ফোন-বার্তায় তাঁদের খোঁজ নিচ্ছেন। সবার উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অপু লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।”
আরও পড়ুন: উপহার পেয়ে ছবি পোস্টের অনুরোধ, রসিকতায় ক্ষোভ জানালেন দীপা
অপু আরও জানান, নেপালের দুর্যোগ পরিস্থিতির খবর শুনে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তাঁর সঙ্গে থাকা পুরো শুটিং ইউনিট নিরাপদ স্থানে রয়েছে এবং আপাতত সবার স্বাস্থ্যগত অবস্থাও ভালো। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অযথা উদ্বিগ্ন না হওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। কয়েক শ পর্যটক নিখোঁজ হওয়ার পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে দেশটির সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা দল। বর্তমানে ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। তাঁর নিরাপদ থাকার খবরে স্বস্তি ফিরেছে দেশের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।
