অনলাইন কেনাকাটার পণ্য উপহার দেওয়া, পরে সেই পণ্যের প্রচারে তারকাদের যুক্ত করার বিষয়টি নিয়ে যখন শোবিজ অঙ্গনে নানা আলোচনা চলছে, তখন নিজের এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী দীপা খন্দকার। তবে অভিযোগের সুরে নয়, বরং রসিকতার ছলেই বিষয়টি নিয়ে নিজের অস্বস্তি প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: দুই বছর পর অন্তর্জালে ‘পদাতিক’, আবারও আলোচনায় চঞ্চল চৌধুরী
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দীপা জানান, এক বান্ধবীর কাছ থেকে উপহার হিসেবে একটি শাড়ি পেয়েছিলেন তিনি। পরে সেই শাড়ি পরে ছবি তুলে পাঠানোর অনুরোধ করা হয় তাকে। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও সময় করে ছবি তুলে পাঠান এই অভিনেত্রী। এরপর তাকে নির্দিষ্ট একটি পেজকে উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সেই ছবি প্রকাশের অনুরোধ করা হয়। বিষয়টি নিয়েই নিজের পোস্টে প্রশ্ন তোলেন দীপা।
রসিকতার সুরে তিনি লেখেন, “এই পোস্টের যুগে আমি কেন ভাই? নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?দীপার এই পোস্টে মন্তব্য করে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। তিনি লেখেন, “আপু ভালো একটা কথা বলেছেন! কোনো চিন্তা করবেন না। আমি আছি লড়াই করার জন্য। আল্লাহ ভরসা।
আরও পড়ুন: নেদারল্যান্ডসকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বার্সেলোনা কিংবদন্তি শাভি
সম্প্রতি একটি অনলাইন পেজের শাড়ি নেওয়া, প্রচার এবং মূল্য পরিশোধকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়েছেন তানজিন তিশা। সেই ঘটনার পরপরই দীপা খন্দকারের এমন অভিজ্ঞতা প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীপা সরাসরি কারও বিরুদ্ধে অভিযোগ না তুললেও তার পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে—তারকাদের জন্য পাঠানো উপহার কি নিছক উপহার, নাকি তার সঙ্গে প্রচারের একটি প্রত্যাশাও জড়িয়ে থাকে? ব্যক্তিগত সম্পর্কের জায়গা আর বাণিজ্যিক প্রচারের সীমারেখা কোথায়, সেই প্রশ্নই এখন নতুন করে আলোচনায়।
