ভয়াবহ বন্যা-ভূমিধসে নেপালে যখন মৃত্যুর মিছিল, তখন একদিনের ব্যবধানে বড় বিপদ থেকে রক্ষা পেলেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো ইউনিট। কাঠমান্ডু থেকে শুটিং স্পটে যাতায়াতের নির্ধারিত সময় একদিন পিছিয়ে যাওয়ায় সম্ভাব্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তারা। পরিস্থিতির অবনতি ও মানবিক দিক বিবেচনায় নেপালের শুটিং শিডিউল স্থগিত করে শুক্রবার (২৮ আগস্ট) নিরাপদে ঢাকায় ফিরেছেন অপু। ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নেপালের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান এই অভিনেত্রী।
আরও পড়ুন: নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে নিখোঁজ ২ হাজার ৪০০ জনের বেশি
অপু জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বে একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। কাকতালীয়ভাবে ‘শিকার’ সিনেমার ইউনিটের ওই পথে যাওয়ার কথা ছিল পরদিন, ২৭ আগস্ট। ফলে মাত্র একদিনের ব্যবধানেই বড় বিপর্যয়ের কবল থেকে রক্ষা পান তারা। ভয়াবহ সেই পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি সময়েই এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল।’
তিনি আরও জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ওই সড়কে আগামী ১৫ থেকে ২০ দিন যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে মানবিক মনে করেননি অপু। তার ভাষায়, ‘এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মাঝে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক দেখায়।’ তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর নিরাপদে দেশে ফেরেন ‘শিকার’ সিনেমার সদস্যরা।
আরও পড়ুন: সমঝোতার প্রস্তাবেও নিতাই রায়ের সঙ্গে বসতে নারাজ নয়ন
বেশ কিছুদিন ধরেই নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। ছবিতে অপুর সঙ্গে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা খরাজ মুখার্জি। নেপালের বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। এরই মধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ মুখার্জি ভক্তদের আশ্বস্ত করেন যে তারা নিরাপদে ছিলেন। কয়েক ঘণ্টা পর ঢাকায় ফিরে অপুর কাছ থেকেও মিলল একই স্বস্তির খবর। নেপালের ভয়াবহ দুর্যোগে শত শত প্রাণহানির মধ্যে অপুর ‘শিকার’ ইউনিটের এই নিরাপদে ফিরে আসা যেন সত্যিই এক দিনের ব্যবধানে পাওয়া নতুন জীবন।

