দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল পর্বতশ্রেণি, নীল আকাশ আর চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য—নেপালের পোখারার এমন মনোরম পরিবেশেই শুরু হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং।
শুটিং শুরুর আগে আয়োজন করা হয় সিনেমাটির মহরত। নিজস্ব রীতি ও নিয়ম অনুসরণ করে সিনেমাটির মঙ্গল কামনায় প্রথমে দোয়া করেন এর প্রধান অভিনেতা মুর্তজা পলাশ। পরে নারিকেল ভেঙে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির শুভ সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য। মহরতের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় কামরুজ্জামান রোমান পরিচালিত ও রেজা ফিল্ম প্রযোজিত ‘শিকার’-এর দৃশ্যধারণ। প্রথম দিনের শুটিংয়ে একে একে অংশ নেন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত এবং ‘রনি’ ও ‘জিল্লু’খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
আরও পড়ুন: লাঙল হাতে মানুষটিই ছিল সুলতানের শিল্পের নায়ক
বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। গল্পে অভিনয়ের সুযোগই তাকে প্রথমে আকৃষ্ট করেছে বলে জানান অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, “যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ, সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।”
আরও পড়ুন: সালমান শাহর গানের সেই আগুন, পাঁচ বছর পর ফিরলেন সিনেমার সুরে
নাটকে একাধিকবার অভিনয় করলেও ‘শিকার’-এর মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। সিনেমার চরিত্রটি ফুটিয়ে তুলতে দীর্ঘ সময় প্রস্তুতিও নিয়েছেন তিনি। জানা গেছে, নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় এক মাস ধরে চলবে সিনেমাটির দৃশ্যধারণ। তিন দেশের শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত এই সিনেমাটি আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

