সালমান শাহর গানের সেই আগুন, পাঁচ বছর পর ফিরলেন সিনেমার সুরে

জিটি ডেস্ক

প্রকাশ:

স্বপ্নের নায়িকা’ দিয়ে গানে প্রত্যাবর্তন আগুনের
স্বপ্নের নায়িকা’ দিয়ে গানে প্রত্যাবর্তন আগুনের|ছবি: সংগৃহীত

একসময় তার কণ্ঠে মুখর ছিল বাংলা চলচ্চিত্রের সোনালি সময়। নব্বইয়ের দশকে সালমান শাহসহ জনপ্রিয় তারকাদের পর্দার গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন আগুন। এরপর সময় বদলেছে, সিনেমার গানের ব্যস্ততাও কমেছে। তবে দীর্ঘ বিরতির পর আবারও সেই চেনা জগতে ফিরলেন এই জনপ্রিয় শিল্পী।

পাঁচ বছর পর নতুন সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন আগুন। মোস্তাফিজুর রহমান বাবুর নির্মাণে ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে তানজিনা রুমার সঙ্গে দ্বৈত কণ্ঠে শোনা যাবে তাকে। গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার শিকদার টিটন। তার ভাষ্য, গানটি তৈরির সময়ই আগুনের কণ্ঠকে মাথায় রাখা হয়েছিল। সুর ও সংগীতায়োজনের পর গানটি আগুনের কাছে পাঠানো হলে পছন্দ করেন তিনি। এরপর আনন্দ নিয়েই সম্পন্ন করেন রেকর্ডিং।

আরও পড়ুন: জীবন খুব ছোট, সময় থাকতে ক্ষমা চেয়ে যেতে চাই’—নাবিলা

কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের পুত্র আগুনের প্রকৃত নাম খান আসিফুর রহমান। তবে ‘আগুন’ নামেই সংগীতাঙ্গনে পরিচিতি পান তিনি। নব্বইয়ের দশকে তার কণ্ঠ হয়ে ওঠে চলচ্চিত্রের জনপ্রিয়তার অন্যতম অনুষঙ্গ। সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গান দিয়ে চলচ্চিত্রে অভিষেক।

প্রথম সিনেমাতেই সাফল্য, এরপর একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে নিজের অবস্থান শক্ত করেন তিনি। ‘দোলা’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’, ‘আমার আছে জল’সহ অসংখ্য সিনেমার গানে রয়েছে তার কণ্ঠের ছাপ।

আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলায় ডন কারাগারে

যদিও গত এক-দেড় দশকে নিয়মিত গান করেননি আগুন। ২০২১ সালে ‘শত্রু’ সিনেমার পর আর নতুন কোনো চলচ্চিত্রের গানে পাওয়া যায়নি তাকে। অবশেষে ‘স্বপ্নের নায়িকা’ দিয়ে সেই বিরতি ভাঙলেন তিনি। ফলে আগুনের এই প্রত্যাবর্তন শুধু নতুন একটি গানে কণ্ঠ দেওয়ার ঘটনা নয়; বরং নব্বইয়ের দশকের সেই নস্টালজিক সুরকে নতুন প্রজন্মের কাছে আবারও ফিরিয়ে আনার একটি উপলক্ষ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!