বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের সামনে আরও বিস্তৃতভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে উৎসবটির প্রথম আসর। উদ্বোধনী আয়োজনেই বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ-কে প্রদান করা হবে আজীবন সম্মাননা পদক।
তিন দিনব্যাপী এই আয়োজনে শর্টফিল্ম, ডকুমেন্টারি এবং পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন বিভাগে সেরা নির্মাতা ও শিল্পীদের পুরস্কৃত করা হবে। থাকবে রেড কার্পেট, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও সংস্কৃতিজনদের অংশগ্রহণ।
আরও পড়ুন: প্রথম প্রেমের গল্পে শাকিব, ‘তাকেই বিয়ে করতে চেয়েছিলা
আয়োজকদের মতে, এই উৎসবের মূল উদ্দেশ্য বাংলা চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা, নতুন নির্মাতাদের উৎসাহ দেওয়া এবং বিশ্বজুড়ে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা। প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও যৌথভাবে উৎসবটির আয়োজন করছে। সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।
ফেস্টিভ্যালের আহ্বায়ক অলিভ আহমেদ বলেন, “আমরা আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, যোগ্য নির্মাতাদের কাজকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”
আরও পড়ুন: ‘সব শেষ’ ভেবেও ঘুরে দাঁড়িয়েছি: আবেগঘন বার্তায় বাঁধন
সদস্য সচিব লিটু আনাম জানান, এবিপিএর সহযোগিতায় উৎসবে নির্বাচিত সৃজনশীল নির্মাতাদের ভবিষ্যৎ কাজেও বিনিয়োগের সুযোগ তৈরি হবে। উৎসবটির ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর তানভীর সানি।

