অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত মতামত ও সামাজিক নানা ইস্যুতে সবসময়ই সরব আজমেরী হক বাঁধন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে জীবনের কঠিন সময়, বিশ্বাস এবং ঘুরে দাঁড়ানোর গল্প শেয়ার করলেন এই অভিনেত্রী।
বাঁধন লিখেছেন, জীবনের এমন অনেক মুহূর্ত এসেছে, যখন মনে হয়েছে সবকিছু শেষ হয়ে গেছে। সামনে এগিয়ে যাওয়ার আর কোনো পথ নেই। কিন্তু প্রতিবারই আল্লাহর অশেষ রহমতে এমনভাবে নতুন পথ খুলে গেছে, যা তিনি কল্পনাও করেননি।
আরও পড়ুন: ‘প্রথম বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল’—রবি চৌধুরী
অভিনেত্রীর ভাষায়, সেই সময়গুলো ছিল হৃদয়বিদারক ও কঠিন। তবে এসব অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে, মানুষের পরিকল্পনার চেয়ে সৃষ্টিকর্তার পরিকল্পনা অনেক বেশি সুন্দর। মানুষ যখন নিজের জন্য কোনো পথ খুঁজে পায় না, তখনও আল্লাহ তার জন্য সঠিক পথ তৈরি করে দেন।
পোস্টে তিনি আরও বলেন, জীবনে কাউকে অন্ধভাবে অনুসরণ করার চেষ্টা করেননি। বরং যেসব মানুষের সততা, পরিশ্রম ও মানবিকতা তাকে অনুপ্রাণিত করেছে, তাদের কাছ থেকেই শিক্ষা নিয়েছেন।
আরও পড়ুন: অভিনয়ের পর এবার গানের মঞ্চে অপূর্ব, নিউইয়র্কে একক কনসার্ট
ভক্তদের উদ্দেশে বাঁধনের বার্তা—নিজের যা আছে, তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। ধৈর্য ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে। একই সঙ্গে নিজেকে ভালোবাসা, সম্মান করা, অহংকার পরিহার করে বিনয়ী হওয়া এবং অন্যের প্রতি সহানুভূতিশীল থাকার আহ্বানও জানান তিনি।
এদিকে সম্প্রতি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ‘হরাইজনস’ বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ছবিটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

