অভিনেত্রী ও মঞ্চনির্দেশক কাজী নওশাবা আহমেদ এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটাতে যাচ্ছেন, তার নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম ‘সোমেশ্বরী’। শুধু পরিচালনাই নয়, সিনেমাটির প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি। জানা গেছে, সোমেশ্বরী নদীকেন্দ্রিক জনপদের জীবন, প্রকৃতি এবং মানুষের বাস্তব অভিজ্ঞতাকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সম্প্রতি সুনামগঞ্জের মধ্যনগর বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে। নওশাবার সঙ্গে চলচ্চিত্রটি পরিচালনায় সহযোগিতা করেছেন হাসান, আপন, লতাসহ আরও কয়েকজন টিম সদস্য। তাদের সম্মিলিত ভাবনা এবং স্থানীয় বাস্তবতাকে ভিত্তি করেই এগিয়েছে নির্মাণকাজ। ২০১৮ সাল থেকে নিয়মিত মঞ্চনাটক নির্দেশনা দিয়ে আসছেন নওশাবা।
আরও পড়ুন: প্রার্থী না হয়েও আরমান-মুক্তি প্যানেলের পাশে বাপ্পারাজ
তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় এটিই তার প্রথম কাজ। ‘সোমেশ্বরী’তে নওশাবা ছাড়া অধিকাংশ অভিনয়শিল্পীই মধ্যনগরের স্থানীয় বাসিন্দা, যাদের অনেকেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। চলচ্চিত্রটি নিয়ে নওশাবা বলেন, ‘সোমেশ্বরী’ সিনেমায় প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতির গল্প বলা হয়েছে। এটি মূলত পরিবেশ দূষণ এবং তার প্রভাবকে কেন্দ্র করে নির্মিত একটি চলচ্চিত্র। শুরুতে এখানে অভিনয়ের কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু প্রধান চরিত্রের জন্য উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত আমাকেই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। তিনি আরও বলেন, “গ্রামীণ জীবন ও মানুষের সঙ্গে ছোটবেলা থেকেই আমার পরিচয় রয়েছে। তাই চরিত্রটি ধারণ করতে খুব বেশি বেগ পেতে হয়নি। মধ্যনগরের মানুষের আন্তরিক সহযোগিতা পুরো কাজটিকে আরও সহজ করেছে।” গ্রিন ফিল্মসের ব্যানারে নির্মিত ‘সোমেশ্বরী’ চলচ্চিত্রটি ইন্টারন্যাশনাল একাডেমি ফিল্ম অ্যান্ড মিডিয়ার একটি উদ্যোগ। নির্মাতাদের প্রত্যাশা, প্রকৃতি ও পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি চলচ্চিত্রটি দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা হয়ে উঠবে।

