বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে এফডিসিপাড়ায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এবারের নির্বাচনে প্রার্থী না হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। পর্দার আড়ালে থেকেও তিনি সক্রিয়ভাবে কাজ করছেন তার গড়া ‘আরমান-মুক্তি’ প্যানেলের জন্য। সোমবার (২২ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে এসে নির্বাচন কমিশনের কাছে আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দেন বাপ্পারাজ নিজেই। জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। যদিও ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন না, তবু তার গড়া প্যানেলের কার্যক্রম থেমে নেই। সভাপতি পদে বাপ্পারাজের পরিবর্তে প্রার্থী হয়েছেন প্রযোজক আরমান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
আরও পড়ুন: ‘ব্ল্যাক’ এ প্রতিবাদী কুলি হয়ে ফিরছেন ওমর সানী
মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাপ্পারাজ বলেন, “আমি ব্যক্তিগতভাবে প্রার্থী না হলেও এই প্যানেলটি আমারই গড়া। তাই নিজের প্যানেলের মনোনয়নপত্র জমা দিতেই আজ এফডিসিতে এসেছি।” তিনি আরও বলেন, “আমি মুক্তিকে আগেই কথা দিয়েছিলাম, নির্বাচনে না থাকলেও তাদের পাশে থাকব। আরমান-মুক্তি প্যানেলের জন্য আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে।” বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ৩ জুলাই এফডিতে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু, খোরশেদ আলম এবং বি এইচ নিশান।

