হজ করে দেশে ফেরার পর অভিনয় থেকে আপাতত দূরে থাকার মন্তব্য করে আলোচনায় এসেছিলেন অভিনেতা হাসান মাসুদ। তার বক্তব্য প্রকাশ্যে আসার পরই তৈরি হয় নানা আলোচনা—তবে কি অভিনয় জীবন থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন এই অভিনেতা?
অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হাসান মাসুদ।
জানিয়েছেন, অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্তই তিনি নেননি। বরং তার বক্তব্য ভুলভাবে বোঝা হয়েছে। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।’ অর্থাৎ, অভিনয় থেকে বিদায় নয়—বরং পছন্দসই গল্প ও চরিত্রের অপেক্ষায় রয়েছেন তিনি। ভালো কাজের প্রস্তাব এলে আবারও অভিনয়ে ফিরতে প্রস্তুত হাসান মাসুদ।
আরও পড়ুন: সাড়ে পাঁচ বছরের সম্পর্ক, দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
ধর্মচর্চার সঙ্গে অভিনয়কে সাংঘর্ষিকও মনে করেন না এই অভিনেতা। তিনি জানান, নিয়মিত ধর্মীয় অনুশাসন মেনেও দীর্ঘদিন শুটিং করেছেন। ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়েন তিনি। শুটিংয়ের সময়ও নামাজের জন্য বিরতি পেতেন বলে জানান। হাসান মাসুদের ভাষ্য, পরিচালকরাও তার নামাজের বিষয়টি জানতেন এবং শুটিংয়ের সময় অনুযায়ী তাকে বিরতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতেন। ফলে ধর্মচর্চা ও অভিনয়—দুটিকে পাশাপাশি চালিয়ে যেতেই কোনো সমস্যা দেখেন না তিনি।
হজ থেকে দেশে ফেরার পর এরই মধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ও করেছেন হাসান মাসুদ। ফলে পর্দা থেকে তার দীর্ঘ অনুপস্থিতি থাকলেও অভিনয়ের দরজা যে বন্ধ হয়নি, সেটিই স্পষ্ট করেছেন তিনি। এখন অপেক্ষা শুধু এমন একটি গল্প ও চরিত্রের, যা আবারও এই জনপ্রিয় অভিনেতাকে ফিরিয়ে আনবে দর্শকের সামনে।

