ব্যক্তিজীবনের নানা উত্থান-পতন পেরিয়ে দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে ঘিরেই জীবন কাটাচ্ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। এবার সেই জীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে করেছেন তিনি। স্বামীর নাম ফয়সাল, পেশায় ব্যবসায়ী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে সোহানা সাবা নিজেই বিষয়টি সামনে আনেন। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ কিংবা ব্যক্তিগত জীবনের বিস্তারিত জানাতে চাননি তিনি। শুধু জানিয়েছেন, স্বামীকে নিয়ে ভালো আছেন এবং তার ছেলে নতুন এই সম্পর্ককে আনন্দের সঙ্গেই গ্রহণ করেছে। সাবার ভাষায়, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’
আরও পড়ুন: থাইল্যান্ডে শুটিংয়ে স্কুটি দুর্ঘটনায় আহত খায়রুল বাসার
একসময় নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে ঘর বেঁধেছিলেন সোহানা সাবা। প্রায় এক দশকের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৫ সালে। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর সন্তানকে নিয়েই নতুন করে জীবন সাজিয়েছেন এই অভিনেত্রী। সময়ের সঙ্গে পরিচয় হয় ফয়সালের সঙ্গে। দীর্ঘ সম্পর্কের পর সেই ভালোবাসাই পরিণতি পায় বিয়েতে। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে ভালো থাকার কথাই জানিয়েছেন সাবা। বিশেষ করে ছেলের ইতিবাচক প্রতিক্রিয়াই যেন তার নতুন জীবনের সবচেয়ে বড় স্বস্তি।
অভিনয় জীবনেও দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন সোহানা সাবা। টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়ার পর কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার শুটিং দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। তবে মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ছিল তার প্রথম সিনেমা। এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি।
আরও পড়ুন: নেপালের পাহাড়ে ‘শিকার’, নতুন নায়কের সঙ্গে অপু বিশ্বাস
ক্যারিয়ারের মতো ব্যক্তিজীবনেও নানা বাঁক পেরিয়েছেন সোহানা সাবা। তবে এবার অতীতের হিসাব নয়, বরং নতুন সংসারে ভালো থাকাটাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। নতুন এই অধ্যায়ে তার সবচেয়ে বড় আনন্দ—ছেলেও যে এই সম্পর্ককে হাসিমুখে গ্রহণ করেছে।

