‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তমা মির্জা। তবে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে তুলনামূলক কম দেখা যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে। এরই মধ্যে তার পেশাজীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে প্রায় তিন মাস ধরে দায়িত্ব পালন করছেন তিনি।
আরও পড়ুন: দেশীয় সিনেমায় আপসের দিন শেষ: অপু বিশ্বাস
অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায় যুক্ত হওয়াকে নিজের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তমা। তবে নতুন এই পেশার কারণে অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তমা মির্জা বলেন, ‘আমি খুব বেছে বেছে কাজ করি। বছরে একটা কিংবা দুটো সিনেমায় কাজ করি। জীবনের বাকি সময়টা অন্য কিছু এক্সপ্লোর করতে পারাটা দারুণ একটা সুযোগ। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অভিজ্ঞতা অর্জন করতে চাই। তবে অভিনয়ই আমার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তাই অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
আরও পড়ুন: শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় আসেন তমা। এর আগে ২০১৫ সালে ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। এরপর অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি এবার করপোরেট জগতের নতুন অভিজ্ঞতা কাজে লাগাতে চান তমা। তার ভাষ্য অনুযায়ী, পেশাগত এই নতুন অধ্যায় তার অভিনয়জীবনের বিকল্প নয়, বরং নিজেকে আরও সমৃদ্ধ করার একটি সুযোগ।

