ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। তবে এবার কোনো গুঞ্জন বা জল্পনা নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পরিবর্তনের মাধ্যমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নীহা। এরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে তার বাগদান সম্পন্ন হওয়ার খবর। অভিনন্দন, কৌতূহল এবং নানা প্রশ্নে ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই জানতে চান, কে সেই বিশেষ মানুষ? কেউ আবার মিষ্টি খাওয়ার দাবিও জানান। তবে এই জল্পনার দ্রুতই ইতি টানেন অভিনেত্রী। তিনি স্পষ্ট করে জানান, কোথাও তিনি বাগদানের ঘোষণা
আরও পড়ুন: বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার
দেননি। নীহার ভাষায়, “আমি কিন্তু কোথাও বলিনি যে আমার বাগদান হয়েছে। শুধু লিখেছি ‘এনগেজড’। এর মানে হলো, আমি এখন আর সিঙ্গেল নই। কারও সঙ্গে সম্পর্কে আছি। এর বেশি আপাতত কিছু বলতে চাই না। সময় হলে সবাই জানতে পারবেন।” ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবরই সৎ থাকতে চান বলেও জানান তিনি। তার ভাষায়, “আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুকে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার অর্থ হলো, আমি আর সিঙ্গেল নই। বিষয়টি কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি। উপযুক্ত সময় এলে সেই মানুষটির পরিচয়ও প্রকাশ করব।”
আরও পড়ুন: নিয়মিত অভিনয়ে নয়, নিজের বায়োপিকেই ফিরতে চান পপি
এটি অবশ্য প্রথমবার নয়, এর আগেও নীহার ব্যক্তিজীবন নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্ট ঘিরেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে অভিনেত্রী জানান, সেটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়; একটি নাটকের প্রচারণার অংশ ছিল। এবার নিজের সম্পর্কে থাকার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলেও, প্রেমিকের পরিচয় আপাতত গোপনই রাখছেন নাজনীন নীহা। তার ভাষ্য, সঠিক সময় এলে তিনি নিজেই সবকিছু জানাবেন।

