ওটিটি থেকে বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার’

জিটি ডেস্ক

প্রকাশ:

‘শিকার’-এ অপু বিশ্বাসকে দেখা যাবে একেবারে নতুন ও গ্ল্যামারাস চরিত্রে
‘শিকার’-এ অপু বিশ্বাসকে দেখা যাবে একেবারে নতুন ও গ্ল্যামারাস চরিত্রে|ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত বড় পর্দাতেই আসছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত নতুন চলচ্চিত্র ‘শিকার’। থ্রিলারধর্মী গল্পে নির্মিত সিনেমাটি এখন পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক হিসেবে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, শুরুতে এটি ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। তবে গল্পের গভীরতা, নির্মাণব্যয় এবং শিল্পীদের পারফরম্যান্স বিবেচনায় সিনেমাটি বড় পর্দার জন্যই বেশি উপযোগী মনে হয়েছে। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মস-এর সঙ্গে আলোচনার মাধ্যমে এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে চলতি বছরের মার্চ মাসে শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে যায়। বর্তমানে সব প্রস্তুতি শেষ হওয়ায়

আরও পড়ুন: ‘মাস্তুল’-এ ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘আমায় ভাসাইলিরে’ প্রকাশ

জুলাইয়ের মাঝামাঝি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। জানা গেছে, সিনেমার বেশির ভাগ গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হবে নেপালের মনোরম বিভিন্ন লোকেশনে। শুটিং ইউনিট চলতি মাসেই নেপালের উদ্দেশে রওনা দেবে। সীমান্তবর্তী অঞ্চলের রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত ‘শিকার’-এ অপু বিশ্বাসকে দেখা যাবে একেবারে নতুন ও গ্ল্যামারাস চরিত্রে। তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ইতোমধ্যে শুরু হয়েছে সংগীতের কাজও। এরই মধ্যে রেকর্ডিং সম্পন্ন হয়েছে রোমান্টিক গান ‘দুজন মিলে বাঁচব এক জীবন’-এর। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যানসি। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান মাহমুদুল। বড় বাজেট, আন্তর্জাতিক লোকেশন এবং ভিন্নধর্মী থ্রিলার গল্পের সমন্বয়ে নির্মিত ‘শিকার’ নিয়ে ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!