মোশাররফ করিম ও ফারুক আহমেদকে বহু নাটকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে। ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ ও ‘সিকান্দার বক্স’ সহ বিভিন্ন নাটকে তাঁদের জুটি দর্শকের নজর কেড়েছে। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন এই দুই অভিনেতা।
নতুন নাটকটির নাম ‘চেয়ারম্যানের হাসবেন্ড’। এটি পরিচালনা করছেন সুজিত বিশ্বাস। নাটকটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। গল্পে বড় ভাই ফারুক আহমেদের নানা কর্মকাণ্ড নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে প্রায়ই মতবিরোধ ও ঝগড়া বাধে। দুই ভাইয়ের এমন খুনসুটি ও দ্বন্দ্বকে কেন্দ্র করেই এগিয়েছে নাটকের গল্প।
আরও পড়ুন: ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে ফিরছেন আরিফিন শুভ-কেয়া পায়েল
দীর্ঘদিন পর একসঙ্গে কাজের বিষয়ে ফারুক আহমেদ জানান, অনেক দিন পর দুজনের পছন্দের একটি কাজ করার সুযোগ হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতাও ভালো ছিল বলে জানান তিনি। একই সঙ্গে মোশাররফ করিমের অভিনয় ও কাজের প্রতি তাঁর একাগ্রতার প্রশংসা করেন এই অভিনেতা।
সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে মোশাররফ করিম ও ফারুক আহমেদের পাশাপাশি অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়নসহ আরও অনেকে। নাটকটি শিগগিরই ইউটিউবে প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

