ট্টগ্রামের আঞ্চলিক ভাষার সংলাপ ও অভিনয়ের মাধ্যমে ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। ২০২২ সালে চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এ প্রথম দেখা যায় চরিত্রটি। পরে দর্শকের আগ্রহে ২০২৩ সালে নির্মিত হয় স্পিন-অফ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
এর দ্বিতীয় কিস্তিও দর্শকের মধ্যে সাড়া ফেলে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় কিস্তি আসার গুঞ্জন শুরু হয়েছে। তবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি চরকি। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, তৃতীয় কিস্তি নিয়ে এখনই বিস্তারিত জানানোর সময় আসেনি। তাঁর ভাষায়, “সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
আরও পড়ুন: জায়েদের আর্থিক সহায়তা ফিরিয়ে দিলেন রিফাত চৌধুরী
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রযোজক রেদওয়ান রনিও জানিয়েছেন, তৃতীয় কিস্তির কাজ এগোচ্ছে। তাঁর মতে, চিত্রনাট্য নিয়ে নির্মাতা শিহাব শাহীন ও চরকির ক্রিয়েটিভ টিম কাজ করছেন। তবে শুটিং ও মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, তাঁর এই বক্তব্যকে আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।
জানা গেছে, তৃতীয় কিস্তিতেও ‘অ্যালেন স্বপন’ চরিত্রে নাসির উদ্দিন খান থাকছেন। আগের দুই কিস্তির কয়েকজন শিল্পীর পাশাপাশি নতুন মুখও যুক্ত হতে পারেন। শিহাব শাহীন পরিচালিত ও রেদওয়ান রনি প্রযোজিত ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ২০২৩ সালের ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পায়। দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০২৫ সালের ৩০ মার্চ।
সিরিজটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারে শ্রেষ্ঠ ওয়েব ধারাবাহিক হিসেবেও স্বীকৃতি পেয়েছে। তৃতীয় কিস্তি নিয়ে কাজ চললেও এখনো পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে চরকির আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

