মঙ্গলবার দিবাগত রাত ২টা ৬ মিনিটে ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। মেকআপহীন সাদামাটা লুকে তোলা ছবিগুলোতে তাঁর হাতে ছিল একটি ফুলের তোড়া। অন্য একটি ছবিতে দেখা গেছে তাঁর পোষ্য বিড়ালকে। মধ্যরাতে এসব ছবি প্রকাশের কারণও নিজেই জানিয়েছেন সাদিয়া।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “এই মেকআপহীন সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।” অর্থাৎ প্রায় সাত মাস আগে ফুলের তোড়া হাতে ছবিগুলো তুলেছিলেন এই অভিনেত্রী। তবে তখন সেগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়নি। এবার হঠাৎ করেই পুরোনো ছবিগুলো পোস্ট করলেন তিনি।
আরও পড়ুন: সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান
ছবি প্রকাশের পর অনুসারীদের অনেকেই সাদিয়ার মেকআপহীন লুকের প্রশংসা করেছেন। তবে পোস্টটি নিয়ে কোনো মন্তব্যের জবাব দেননি অভিনেত্রী। সাদিয়াকে সর্বশেষ দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত বিশেষ নাটকটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আরও রয়েছেন জাকিয়া বারী মম, ডলি জহুর ও মিলি বাশার। ১৯ সেপ্টেম্বর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটির ভিউ ইতোমধ্যে ৩২ লাখ ছাড়িয়েছে।

