পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা

জিটি ডেস্ক

প্রকাশ:

খোকন, রিজু ও মেঘের সদস্যপদ বাতিল পরিচালক সমিতিতে
খোকন, রিজু ও মেঘের সদস্যপদ বাতিল পরিচালক সমিতিতে|ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তিন নির্মাতাকে। তারা হলেন বদিউল আলম খোকন, রিয়াজুল রিজু ও মনজুরুল ইসলাম মেঘ। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পরিচালক সমিতি। শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য ও নির্মাতা গাজী মাহবুব। তিনি জানান, সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং পরিচালক সমিতির সুনাম ক্ষুণ্ন করার অভিযোগের ভিত্তিতেই তিন পরিচালকের বিরুদ্ধে আজীবন

আরও পড়ুন: অবশেষে সব জল্পনার অবসান, বিয়ে করলেন আমির–গৌরি

বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতি সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পরিচালক সমিতির নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা করেন বদিউল আলম খোকন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছিল প্রয়াত নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। নির্বাচিত কমিটির বিরুদ্ধে তার এই আইনি পদক্ষেপকে কেন্দ্র করে সমিতির অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি হয়। পরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এদিকে একই মামলাকে কেন্দ্র করে মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুর বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক সমিতির বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ ওঠে। সমিতির দাবি, বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এসব অভিযোগও বিবেচনায় নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বহিষ্কৃত তিন নির্মাতার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!