বাংলাদেশি দর্শকদের জন্য বড়সড় এক চমক নিয়ে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি এবং দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, সংগ্রাম ও বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের আলোচিত মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলায় উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শক। রোববার (৩০ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলনে সিরিজটির বাংলা সংস্করণ সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২ আগস্ট থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে প্রচারিত হবে বহুল প্রতীক্ষিত এই ঐতিহাসিক সিরিজ। দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিরিজটির মূল কাহিনী আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধারের অভিযানে।
আরও পড়ুন: কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা সর্বস্তরের মানুষের
এতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সালাহউদ্দিন আইয়ুবির অসাধারণ নেতৃত্ব ও বীরত্বকে তুলে ধরা হয়েছে। তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই ব্লকবাস্টার সিরিজে বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, বাস্তবধর্মী যুদ্ধের দৃশ্য এবং উচ্চমানের নির্মাণশৈলী ইতিহাসকে নতুনভাবে জীবন্ত করে তুলেছে। আয়োজকদের প্রত্যাশা, বাংলা ভাষায় সম্প্রচারের মাধ্যমে সিরিজটি বাংলাদেশের দর্শকদের কাছেও ব্যাপক সাড়া ফেলবে। অনুষ্ঠানের শেষ পর্বে সিরিজটির বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। ট্রেলার প্রদর্শনের পর উপস্থিত অতিথি, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংবাদ সম্মেলনের সমাপ্তিতে সাংবাদিকদের জন্য আয়োজন করা হয় একটি আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে তিনজন বিজয়ী পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, একটি টেলিভিশন এবং মাইক্রেওভেন জিতে নেন।

