নতুন একটি ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিতব্য এই ওয়েব ফিল্মের নাম ‘সেপারেশন’। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। এতে পরীমণির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।
বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে ‘সেপারেশন’-এর শুটিং। রোববার নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমণি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ওয়েব ফিল্মের নাম ও নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি। এর আগে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন ইয়ামিন হক ববি
তবে ‘সেপারেশন’-এ পরীমণির চরিত্র, গল্প কিংবা ইমতিয়াজ বর্ষণের ভূমিকা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকেও এসব বিষয়ে কোনো ঘোষণা আসেনি। জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ওয়েব ফিল্মটির শুটিং হবে। পরীমণি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের পাশাপাশি এতে অভিনয় করছেন শার্লিন ফারজানা। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে ‘সেপারেশন’ কবে দর্শকের সামনে আসবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

