শিকড়ের টানে যশোরে সুচন্দা, ববিতা ও চম্পা

জিটি ডেস্ক

প্রকাশ:

সাত গাড়ির বহর নিয়ে গ্রামের বাড়িতে তিন কিংবদন্তি অভিনেত্রী
সাত গাড়ির বহর নিয়ে গ্রামের বাড়িতে তিন কিংবদন্তি অভিনেত্রী|ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর শিকড়ের টানে যশোরের গ্রামের বাড়িতে গেলেন বাংলাদেশের চলচ্চিত্রের তিন কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা। তাঁদের সঙ্গে ছিলেন ভাই অবসরপ্রাপ্ত পাইলট ইকবাল ইসলাম এবং পরিবারের অন্যান্য সদস্যরা। সাত গাড়ির বহর নিয়ে ঢাকা থেকে যশোরে গিয়ে কয়েক দিন কাটান তারা। গত ২০ জুন শুরু হওয়া এ সফরে তিন বোন দাদা ও নানার বাড়ি ঘুরে দেখেন। ২২ জুন গভীর রাতে ঢাকায় ফেরেন তারা। পরিবারের সদস্যদের ভাষ্য, এটি শুধু পারিবারিক ভ্রমণ ছিল না; নতুন প্রজন্মকে পূর্বপুরুষের ভিটেমাটি ও পারিবারিক ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ারও একটি উদ্যোগ। সুচন্দা বলেন, ছোটবেলা থেকে সন্তানরা তাদের পূর্বপুরুষের বাড়ির নানা গল্প শুনে এসেছে। এবার

আরও পড়ুন: এক যুগ পর নতুন গান, ‘গিরগিটি’ নিয়ে ফিরল ওয়ারফেজ

সেই জায়গাগুলো নিজের চোখে দেখার সুযোগ হয়েছে তাদের। তার মেয়ে লিসা মালিকও এ সফরকে আবেগঘন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। মায়ের মুখে শোনা শৈশবের গল্পগুলো বাস্তবে দেখতে পেরে তিনি আনন্দিত বলে জানান। যশোর সফরে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও যান সুচন্দা। বহু বছর পর পরিচিত পরিবেশে ফিরে স্মৃতিচারণায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তিন অভিনেত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষের ভিড় জমে তাদের গ্রামের বাড়িতে। ভক্তরা শুভেচ্ছা জানান, ছবি তোলেন এবং কাছ থেকে ভালোবাসা প্রকাশ করেন। স্থানীয়দের এমন আন্তরিক অভ্যর্থনায় মুগ্ধ হন তিন বোন। ববিতা ও চম্পাও বলেন, পরিবারের নতুন প্রজন্মকে শিকড়ের কাছে নিয়ে আসা, পুরোনো স্মৃতি ভাগাভাগি করা এবং সবাইকে একসঙ্গে পাওয়ার আনন্দ তাদের জন্য ছিল বিশেষ প্রাপ্তি। স্মৃতিময় এই সফর তাই পরিবারটির কাছে হয়ে থাকবে দীর্ঘদিনের এক মূল্যবান অধ্যায়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!