বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই ঘোষণা করা হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ফলাফল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটের প্রায় ৮৪ শতাংশ। ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতিতে এবারের নির্বাচনকে সফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও তা শুরু হয় সকাল সাড়ে ৯টায়। পরে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজের জন্য এক ঘণ্টার বিরতি দেওয়া হয়। বিরতির পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া
আরও পড়ুন: ওটিটি থেকে বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার’
লিপু জানিয়েছেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। কোনো জটিলতা না থাকলে আজ রাতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে শিবা সানু ও জয় চৌধুরী। আরমান–মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে লড়ছেন নূতন ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, শিবা সানু–জয় চৌধুরী পরিষদে সহ-সভাপতি পদে রয়েছেন ডি এ তায়েব ও রোজিনা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পলি, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ লড়ছেন। এদিকে সকাল থেকেই বিএফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর ছিল পুরো এলাকা। এখন সবার দৃষ্টি ভোট গণনা ও ফলাফল ঘোষণার দিকে।

