অসুস্থ অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা করেছেন চিত্রনায়ক জায়েদ খান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেতা রিফাতের চিকিৎসার জন্য সহযোগিতা করেন।
এ বিষয়ে জায়েদ খান বলেন, “শিল্পীর পাশে শিল্পী থাকবে, এটাই স্বাভাবিক। সাধ্যমতো রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।” একই সঙ্গে অন্যদেরও রিফাতের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাতের অসুস্থতার খবর জানিয়ে তাঁর চিকিৎসায় সহযোগিতার অনুরোধ করেন।
আরও পড়ুন: ফুলের তোড়া হাতে সাদিয়া, ছবি প্রকাশের কারণ জানালেন নিজেই
আর্থিক সংকটের কারণে যথাযথ চিকিৎসা ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি। ইতোমধ্যে টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে। এবার ব্যক্তিগতভাবে সহযোগিতার উদ্যোগ নিলেন জায়েদ খান।
পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না তিনি। ১৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। শুরুতে ফ্লোরে চিকিৎসা নেওয়ার পর তাঁর অসুস্থতার বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পেলে কেবিনের ব্যবস্থা করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

