শিশুশিল্পী থেকে কেন্দ্রীয় চরিত্রে, বর্ণিতার অভিনয়ে নতুন অধ্যায়

জিটি ডেস্ক

প্রকাশ:

শিশুশিল্পী হিসেবে পথচলা, এবার কেন্দ্রীয় চরিত্রে বিদুষী বর্ণিতা
শিশুশিল্পী হিসেবে পথচলা, এবার কেন্দ্রীয় চরিত্রে বিদুষী বর্ণিতা|ছবি: সংগৃহীত

ক্যামেরার সামনে দাঁড়ানোর বয়স তখন মাত্র তিন। ছোট্ট বয়সেই বিজ্ঞাপন দিয়ে শুরু হয়েছিল অভিনয়ের পথচলা। এরপর বিজ্ঞাপন, নাটক আর সিনেমায় শিশুশিল্পী হিসেবে পরিচিতি পান বিদুষী বর্ণিতা। সময়ের সঙ্গে এসেছে বিরতি, এসেছে প্রত্যাখ্যানও। তবে থেমে থাকেননি তিনি। এবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করছেন লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বর্ণিতা।

শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’-র ‘নিউলি ম্যারেড’ গল্পে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব। নতুন এই কাজকে নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ বাঁক হিসেবেই দেখছেন বর্ণিতা। চরিত্রের প্রস্তুতিতেও দিয়েছেন বিশেষ গুরুত্ব। শুটিং শুরুর আগে প্রায় দুই মাস রিহার্সেল করেছেন। এরই মধ্যে ওয়েব ফিল্মটির প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্ণিতার কাছে এটি শুধু অভিনয়ের আরেকটি কাজ নয়, বরং নিজের অভিনয়কে নতুনভাবে আবিষ্কারের সুযোগ।

আরও পড়ুন: সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের

অভিজ্ঞ নির্মাতা শিহাব শাহীন এবং তৌসিফ মাহবুবের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তাকে সমৃদ্ধ করছে। বিশেষ করে তৌসিফ সংলাপ, অভিব্যক্তি ও চরিত্রের বিভিন্ন দিক নিয়ে তাকে সহযোগিতা করেছেন বলে জানান বর্ণিতা। তবে অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক নতুন নয়। ২০০৯ সালে শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। এরপর অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে অভিনয়ের পাশাপাশি নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ সিনেমাতেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।

কিশোর বয়সে নিয়মিত অডিশন দিতে গিয়ে অবশ্য কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে। একপর্যায়ে পরিচিত মুখ ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবের কারণে সুযোগ পাওয়ার বাস্তবতা তাকে নতুন করে ভাবতে বাধ্য করে। এরপর লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের জায়গা তৈরি করেন বর্ণিতা।

আরও পড়ুন: নেপালের পাহাড়ে ‘শিকার’, নতুন নায়কের সঙ্গে অপু বিশ্বাস

অভিনয়ের পাশাপাশি বই পড়া ও সিনেমা দেখা তার পছন্দ। প্রিয় লেখকদের মধ্যে রয়েছেন ফ্রাঞ্জ কাফকা। অভিনয়শিল্পীদের মধ্যে জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, বিপাশা হায়াত, অপি করিম ও আফসানা মিমির কাজ পছন্দ করেন তিনি। পুরুষ অভিনয়শিল্পীদের মধ্যে আফরান নিশো ও প্রীতম হাসানের কাজও তার ভালো লাগে।

ভবিষ্যৎ নিয়েও লক্ষ্য পরিষ্কার বর্ণিতার। অভিনয়েই নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজের স্বপ্ন রয়েছে। এরই মধ্যে নির্মাতা রায়হান রাফীর একটি সিনেমা নিয়েও তার সঙ্গে আলোচনা চলছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!