শুধু গানের আসর নয়, মানবতার সুরেও রুনা লায়লা

জিটি ডেস্ক

প্রকাশ:

শিল্পকলার মঞ্চে রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে বন্যার্তদের সহায়তায়
শিল্পকলার মঞ্চে রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে বন্যার্তদের সহায়তায়|ছবি: সংগৃহীত

একটি সন্ধ্যা, যেখানে থাকবে সুর, সম্মান আর মানবতার স্পর্শ। বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। একই অনুষ্ঠানে তাঁকে জানানো হবে বিশেষ সম্মাননা। আর এই আয়োজনের সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো—টিকিট বিক্রির পুরো অর্থ ব্যয় করা হবে বন্যার্ত মানুষের সহায়তায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘রুনা লায়লা’ শীর্ষক এই সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই। রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। এদিন নিজের দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী।

আরও পড়ুন: ৮১-তে খুরশীদ আলম, জন্মদিনে আসছে ‘হৃদয়ে কী সুর বাজে’

শিল্পকলা একাডেমি জানিয়েছে, অনুষ্ঠানের টিকিট তিনটি শ্রেণিতে বিক্রি হবে। প্রথম শ্রেণির মূল্য ৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির ৩ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির ২ হাজার টাকা। টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। টিকিট সংগ্রহ করা যাবে ২২ ও ২৩ জুলাই, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগ থেকে।

আরও পড়ুন: রোনালদোর দেশে বাংলা কনসার্ট, রকস্টার জেমসের সঙ্গে পারফর্ম করবেন জায়েদ খান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ।

গানের প্রতি শ্রদ্ধা আর মানুষের পাশে দাঁড়ানোর বার্তা—দুইয়ের মেলবন্ধনে এই আয়োজন হয়ে উঠতে পারে বছরের অন্যতম স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!