‘শুধু সরি বললেই দায় শেষ নয়’, হ্যাকিং বিতর্কে পরীমনি

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি
ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি|ছবি: সংগৃহীত

একটি ‘সরি’ বললেই কি দায় শেষ? কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এবার এই প্রশ্নই তুললেন চিত্রনায়িকা পরীমনি। সংশ্লিষ্ট বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার পর ভিডিওগুলো ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

একই সঙ্গে ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করা ব্যক্তিদেরও জবাব দিয়েছেন অভিনেত্রী। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, পেজ হ্যাক হওয়ার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করলেই বিষয়টির দায় এড়ানো যায় না। তাঁর দাবি, বিকৃত ভিডিওটি অনেক আগের হলেও ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: পান্থ কানাই-অনিমেষের কণ্ঠে মিঠুনের ‘শিবশম্ভু’

চ্যানেলটির উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে পরীমনি বলেন, এত বড় একটি সংবাদমাধ্যমের পক্ষে দীর্ঘ সময়েও পেজের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়নি কেন? তাঁর ভাষ্য, শুধু পেজ হ্যাক হওয়ার কথা বলেই বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ভিডিওটি নিয়ে অনলাইনে চলা আলোচনা ও কটূক্তিতেও বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী।

ব্যঙ্গ করে তিনি বলেন, ভিডিওটি নিয়ে এত মাতামাতি দেখে তাঁর খোলামেলা ফটোশুট করার ইচ্ছা হয়েছিল। তাঁর অভিযোগ, কিছু মানুষ অন্যের পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক থাকার দাবি করে বিষয়টি নিয়ে অশালীন প্রচারণা চালিয়েছেন। এর আগে একই ঘটনায় মুখ খুলেছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আরও পড়ুন: পাঁচ দশকের অভিনয়জীবন নিয়ে বই আসছে আজিজুল হাকিমকে নিয়ে

সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষ পেজ হ্যাক হওয়ার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছে। তবে ফেসবুক লাইভটি পরে নিজের পেজ থেকে সরিয়ে দেন পরীমনি। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ বিষয়ে স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘ওপস সরি, ডিলিট করে দিয়েছি। শুভ সকাল।’

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!