‘সির সির’-এর পর আবারও এক মঞ্চে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

জিটি ডেস্ক

প্রকাশ:

‘চ্যাম্পিয়ন’ নিয়ে আবারও এক হচ্ছেন এই দুই তারকা
‘চ্যাম্পিয়ন’ নিয়ে আবারও এক হচ্ছেন এই দুই তারকা|ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সেই সফলতার ধারাবাহিকতায় এবার নতুন গান ‘চ্যাম্পিয়ন’ নিয়ে আবারও এক হচ্ছেন এই দুই তারকা। আগামী ২৯ জুন প্রকাশিত হবে গানটি। ডালাস থেকে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় সঞ্জয় দেব জানান, ‘চ্যাম্পিয়ন’ কেবল খেলাধুলায় জয়ের গল্প নয়; বরং জীবনের প্রতিটি সংগ্রাম, সাফল্য ও অর্জনকে উদযাপনের বার্তা বহন করবে। তিনি বলেন, চ্যাম্পিয়ন এমন একটি গান, যা মানুষকে অনুপ্রাণিত করবে এবং ইতিবাচক শক্তি জোগাবে। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের মধ্যে বিজয়ের অনুভূতি ছড়িয়ে দেবে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর ও

আরও পড়ুন: বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার

সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাসের প্রস্তুতির পর কাজটি সম্পন্ন হয়েছে। বিশ্বকাপের আবহকে সামনে রেখেই নোরা ফাতেহির সঙ্গে পরিকল্পনা করে গানটি প্রকাশ করা হচ্ছে। ‘চ্যাম্পিয়ন’-এর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। দুই দিনের সফরে সেখানে গিয়ে মাত্র এক দিনেই ভিডিওটির ধারণকাজ শেষ করেন দুই শিল্পী। সঞ্জয় দেবের ভাষ্য, জানজিবারের মনোমুগ্ধকর সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে দিয়েছে ভিন্নমাত্রা। এদিকে গানটি প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে এর প্রচারণা। সম্প্রতি নোরা ফাতেহি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “বন্ধুরা, তোমরা সবাই ‘চ্যাম্পিয়ন’-এর জন্য প্রস্তুত তো?” এরপর থেকেই নতুন গানটি নিয়ে ভক্তদের কৌতূহল ও প্রত্যাশা আরও বেড়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!