অফহোয়াইট শাড়ি, খোলা চুলে বেলি ফুলের গাজরা আর ক্যাপশনে প্রেমের গানের বাণী—সব মিলিয়ে ভিন্ন এক আবহে ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আধুনিক ফ্যাশনের পাশাপাশি বাঙালিয়ানার সাজেও যে তিনি সমান স্বচ্ছন্দ, নতুন ছবিগুলোতে যেন আবারও তার প্রমাণ মিলল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একই সাজে একটি ভিডিও প্রকাশ করেছিলেন জয়া। এবার প্রকাশ করেছেন কয়েকটি স্থিরচিত্র। ছবিগুলোতে তাঁর পরনে অফহোয়াইট সুতি শাড়ি, পাড়জুড়ে ধূসর-গোলাপি নকশা। সঙ্গে মানানসই ব্লাউজ, কানে ভারী দুল ও হাতে অলংকার। খোলা চুলে বেলি ফুলের গাজরা তাঁর সাজে যোগ করেছে স্নিগ্ধতার বাড়তি মাত্রা।
আরও পড়ুন: উৎসবের দিনেও ঘরবন্দী থাকতে চান অপু বিশ্বাস
কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন, কখনো মুচকি হেসে তাকিয়েছেন ক্যামেরার দিকে। ভিন্ন ভিন্ন ভঙ্গিতে তোলা ছবিগুলোতে ধরা পড়েছে তাঁর সাবলীল উপস্থিতি। জমকালো আয়োজন নয়, বরং সাদামাটা সাজেই নজর কেড়েছেন এই অভিনেত্রী।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও ছিল বিশেষ চমক। বাউল সম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের বাণী উদ্ধৃত করে জয়া লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা।’ ঐতিহ্যবাহী সাজ আর প্রেমের বেদনা মেশানো গানের বাণী—দুইয়ে মিলে জয়ার পোস্টে তৈরি হয়েছে আলাদা এক আবহ। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে তাঁর স্নিগ্ধ রূপ ও সাজের প্রশংসা করছেন অনুরাগীরা।

