উৎসবের দিন, চারদিকে আনন্দের আবহ। মণ্ডপে মণ্ডপে পূজার আয়োজন, মানুষের ভিড় আর উৎসবের রঙে সাজছে চারপাশ। অথচ এই সময়টাতেই ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের মনে জেগে ওঠে এক গভীর শূন্যতা। অনেক বছর আগে হারিয়েছেন মা-বাবাকে। তাঁদের অভাব প্রতিদিন অনুভব করলেও শারদীয় দুর্গাপূজায় সেই কষ্ট যেন আরও বেড়ে যায়। তাই এবার পূজার দিনগুলোতে বাইরে ঘোরাঘুরি নয়, ঘরেই সময় কাটাতে চান তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘কোথাও যাব না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাঁদের অভাব কোনো দিন পূরণ হবে না। প্রতিদিনই মা-বাবাকে মিস করি, তবে পূজার সময়টা আরও বেশি কষ্ট লাগে।’ পূজা মানেই একসময় ছিল পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠা।
আরও পড়ুন: পূজার আনন্দে মায়ের শূন্যতা, স্মৃতিকাতর পূজা চেরি
বগুড়ায় কেটেছে অপুর শৈশব। সেই সময়ের পূজার স্মৃতি আজও তাঁর মনে উজ্জ্বল। বাবা, মা, কাকা ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে উৎসবের দিনগুলো হয়ে উঠত আনন্দময়। শৈশবের স্মৃতিচারণ করে অপু বলেন, ‘বগুড়াতেই আমার বেড়ে ওঠা। সেখানেই পূজার দিনগুলো কাটত আনন্দে। বাবা, কাকা, মা এবং আরও অনেক আত্মীয়স্বজন থাকতেন। পূজার এই সময়টাতে সবাই একত্র হতেন। তখন আমাদের বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত।
সময়ের সঙ্গে বদলেছে জীবনের অনেক কিছু। পেশাগত ব্যস্ততা, পরিচিতি আর সাফল্যের ভিড়েও অপু বিশ্বাসের কাছে মা-বাবাকে হারানোর বেদনা রয়ে গেছে আগের মতোই। উৎসবের আনন্দ তাঁকে ফিরিয়ে নিয়ে যায় সেই শৈশবে, যখন পরিবারের সবাইকে ঘিরেই ছিল পূজার সব আয়োজন।
আরও পড়ুন: চা-বাগানের গল্প এবার মস্কোয়, আন্তর্জাতিক উৎসবে ‘নিশি’
এদিকে নতুন কাজ নিয়েও আশাবাদী এই অভিনেত্রী। ভক্তদের কাছে দোয়া চেয়ে অপু বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কিছু কাজ নিয়ে আলোচনা চলছে। ভালো কোনো খবর থাকলে অবশ্যই জানাব।’

