দুর্গাপুজোর আবহেই শুরু হয়েছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ঘিরে প্রচার। অষ্টমীর সকালে কলকাতায় এসে সৌরভের সঙ্গে পুজোর আনন্দে মেতে উঠলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। বেহালায় সৌরভের বাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়ার পাশাপাশি জমিয়ে লুচি ও আলুর তরকারিও খান তিনি। এরপর সৌরভের সঙ্গে দক্ষিণ কলকাতার ম্যাডক্স স্কোয়ারে যান রাজকুমার। সেখানে দুজনকে একসঙ্গে ঢাক বাজাতে দেখা যায়।
আরও পড়ুন: ইউরোপে ঘুরছেন অপর্ণা, মন পড়ে আছে দেশের পূজায়
তাঁদের সঙ্গে ছিলেন সৌরভের স্ত্রী, নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। এদিন রাজকুমারের পরনে ছিল মেরুন পাঞ্জাবি ও ঘিয়ে রঙের ধুতি। অন্যদিকে, সৌরভ পরেছিলেন গাঢ় নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা। কলকাতার দুর্গাপুজোর আবহে সময় কাটিয়ে উচ্ছ্বসিত রাজকুমার জানান, এই অভিজ্ঞতা একেবারেই অন্য রকম, যা ভাষায় প্রকাশ করা কঠিন।
এর আগে স্ত্রী পত্রলেখার সঙ্গে কলকাতার দুর্গাপুজো দেখেছিলেন রাজকুমার।
এবার সৌরভের সঙ্গে উৎসব কাটানো তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা। বায়োপিকে সৌরভের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। সেই প্রস্তুতির পাশাপাশি কলকাতার পুজোর ঐতিহ্যের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দিচ্ছেন স্বয়ং ‘দাদা’। সব মিলিয়ে, পুজোর আনন্দ আর সৌরভ-রাজকুমারের এই সাক্ষাৎ বায়োপিক ঘিরে অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

